পবিত্র রমজানে সব ধরনের খাদ্য ও ফল ভেজালমুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছে বিষমুক্ত খাদ্য বিষয়ক জাতীয় কমিটি।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
পরিবেশ বাঁচাও আন্দোলন(পবা),বারসিক, জন উদ্যোগ, গ্রীন মাইল্ড সোসাইটি ও পরিবেশ উন্নয়ন সোসাইটি যৌথভাবে ওই কর্মসূচিতে সহযোগিতা করে।
এতে পবা’র সভাপতি আবু নাসের খান বলেন, দূষিতপানি, রাসায়নিক সার ও কীটনাশক দিয়ে উৎপাদিত খাবার মানবস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। এছাড়াও জুস ও বিভিন্ন ধরনের খাদ্যে যে প্রিজারভেটিভ ব্যবহার করা হয় তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
এ সময় ফসল উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে খাদ্য পৌঁছানো পর্যন্ত সকল ধাপে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার বন্ধের দাবি জানান তিনি।
মানববন্ধনের বক্তারা ভেজাল ও বিষমুক্ত খাবারের নিশ্চয়তা বিধান করতে রমজানের আগেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও খাদ্য আদালত গঠনের দাবি জানান।
মানবন্ধনে উপস্থিত ছিলেন গ্রীন মাইল্ড’র সভাপতি আরিফ হাসান, পরিবেশ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান বোরহান উদ্দিন, পবা’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, বিষমুক্ত খাদ্য বিষয়ক জাতীয় কমিটির সদস্য সচিব ডা. লেলিন চৌধুরী প্রমুখ।
এমএ





