প্রথমবারের মত দলীয় প্রতীকে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচন ছয় ধাপে অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে আগামী ২২ মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ।
এরপর দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৭১০ টি ইউপিতে, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ৭১১ টিতে, চতুর্থ ধাপে ৭ মে ৭২৮টিতে, পঞ্চম ধাপে ২৮ মে ৭১৪টিতে এবং ষষ্ঠ ধাপে ৪ জুন ৬৬০ টি ইউপিতে ভোটগ্রহণ করা হবে।
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদের সভাপতিত্বে কমিশন সভায় ইউপি নির্বাচনের এ তফসিল অনুমোদন করা হয়।
দেশে বর্তমানে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪২৭৯টি। সর্বশেষ ইউপি নির্বাচন হয়েছিল ২০১১ সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত। তখনও কয়েক দফায় নির্বাচন সম্পন্ন করা হয়েছিল।
এমকে





