রাষ্ট্র বিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে আনোয়ার হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতাল সংলগ্ন এলাকায় হতে অস্ত্র, গুলি, ককটেল এবং জিহাদী বইসহ তাকে আটক করে র‌্যাব-৩ এর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি ‍বিদেশী পিস্তল, গুলি, ৬টি ককটেল ও জিদাহী বই উদ্ধার করা হয়।

শুক্রবার সন্ধ্যা ৬টায় র‌্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র‌্যাব-৩ এর পরিচালক(সিও) লে: কর্ণেল খন্দকার গোলাম সারওয়ার।

তিনি বলেন, তথ্য প্রযুক্তির অপব্যবহার করে দীর্ঘদিন থেকে অপরাধমূলক কাজ করে আসছিল গ্রেফতারকৃত আনোয়ার হোসেন উজ্জল। সে সামাজিক যোগাযোগ ব্যবস্থা “ফেইস বুক” অপব্যবহার করে অপরাধের সাথে সম্পৃক্ত হন।

র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে প্রথমে তার অপরাধের বিষয়ে জানতে পারে, তিনি ফেইসবুকের রাষ্ট্র বিরোধী বিভিন্ন কর্মকান্ড করছেন। বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কার্যকর এবং স্বনামধন্য কিছু সরকারী সংস্থার ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে সংস্থা এবং সংস্থায় কর্মরত কর্মকর্তাদের বিষয়ে মিথ্যা বানোয়াট এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন।

এঘটনায় র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ৩টায় রাজধানীর শাহজাহানপুর থানাধীন ইসলামী ব্যাংক হাসপাতালের নিকট অভিযান চালিয়ে আনোয়ার হোসেন উজ্জল (৩২)কে গ্রেফতার করা হয়।

আটককালে তাহার বহনকৃত ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতর হতে ২ রাউন্ড গুলি, ১টি বিদেশী পিস্তল ভর্তি ম্যাগাজিনসহ, ৬টি ককটেল, ০৮টি নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গী সংগঠনের লেখা বই উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত বইয়ের মধ্যে রয়েছে, হিযবুত তওহীদ এর ব্যানারে লিখিত বই "ইসলামের প্রকৃত রূপ রেখা, ইসলামের আন্দোলন কর্মীদের বৈশিষ্ট, দুনিয়া কি এবং কেন, যুগে যুগে শয়তানের হামলা, যে সত্যের মৃত্যু নাই, আগামী বিল্পবের ঘোষণাপত্র, তালেবানের মেয়ে, গণতন্ত্র ১টি দ্বীন বই উদ্ধার করা হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে তিনি জঙ্গী সংগঠনের সাথে জড়িত। কোন ধরনের নাশকতার উদ্দেশ্যে তিনি অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্যাদি বহন করছিলেন। আরও খোজখবর নিয়ে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

জেইউ/এসএইচ