স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ১ নভেম্বর থেকে ঢাকার ১২টি কেন্দ্রে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষের সামনে সাংবাদিকদের কাছে তিনি এই কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রথমে ঢাকায় ১২টি কেন্দ্রে দেওয়া হবে। পর্যায়ক্রমে প্রতিদিন সারা দেশে ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে ফাইজারের টিকা রয়েছে। ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে।”
জাহিদ মালেক বলেন, “গতকালও ৫৫ লাখ টিকা এসেছে দেশে। আমাদের কাছে এখন ২ কোটি ডোজ টিকা মজুদ রয়েছে। টিকা দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে। এছাড়া গণটিকা কার্যক্রমের আওতায় দেওয়া ৮০ লাখ লোককে দ্বিতীয় ডোজের টিকা আজ থেকে দেওয়া শুরু হয়েছে। আগামীকালের মধ্যে এটি সম্পন্ন হবে।”
এমবি





