পাবনায় সদর উপজেলার হেমায়েতপুর গ্রামে পূর্ববিরোধের জের ধরে ছুরিকাঘাতে আহত সোহেল রানা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সোহেল হেমায়েতপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
নিহতের বড় ভাই সবুজ হোসেন জানান, সোহেল গাজীপুরে চাকরি করতেন। সেখানে একটি মারপিটের ঘটনা নিয়ে মামাতো ভাইদের সঙ্গে সোহেলের আগে থেকেই বিরোধ ছিল।
ঈদের ছুটিতে বাড়িতে আসার পর সেই বিরোধের জের ধরে গত বুধবার (২২ জুলাই) রাত ১০টার দিকে হেমায়েতপুরের বাছেরের তেমাথায় সোহেলকে ছুরিকাঘাত করে তার মামাতো ভাইসহ অন্যরা।
গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ওইদিন রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সোহেলের মৃত্যু হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক সোহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মামলার এজাহার পাওয়ার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।
এমকে





