রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া বাদলসহ ছাত্রলীগ ও যুবলীগের আরো দুই কর্মীকে অপহরণের অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার বিকালে কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকা থেকে এই তিনজনকে অপহরণ করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ এবং অপহূত তিনজনকে দ্রুত উদ্ধারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় বিভিন্ন অংগ-সংগঠনের নেতা-কর্মীরা। এতে এই দুই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ জানান, গতকাল বুধবার বিকাল পৌনে তিনটার দিকে একটি সাদা রঙের মাইক্রোবাস ও একাধিক মোটর সাইকেলে বেশ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি এসে কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া বাদল, ছাত্রলীগ কর্মী শাকিল ও যুবলীগ কর্মী শাকিলকে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর স্থানীয় প্রশাসনসহ আইন শৃংখলা বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়। কিন্তু সন্ধ্যায় দীর্ঘ চার ঘন্টা পেরিয়ে গেলেও প্রশাসন অপহূত তিনজনের কোন হদিস দিতে পারেনি। এতে ক্ষুব্ধ হয়ে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতা-কর্মী রাস্তায় নেমে আসেন। এ সময় তারা এশিয়ান হাইওয়ে ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। তারা যুবলীগ নেতা বাদলসহ অপহূত তিনজনকে দ্রুত অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। এ সময় রূপগঞ্জ উপজেলার রূপসী থেকে গাউছিয়া মার্কেট পর্যন্ত এবং গাউছিয়া থেকে পাঁচরুখীর পুরিন্দা পর্যন্ত প্রায় ছয় থেকে সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন জানান, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া বাদল স্থানীয় আওয়ামীলীগ সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) সমর্থক এবং আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত বলে প্রতিপক্ষ গ্রুপ তাকে শায়েস্তা করতে অপহরণ করে নিয়ে গেছে। সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিল জানান, বাদল এলাকায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদ করে আসছিল। পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যায় এগিয়ে যেতো। এর প্রতিশোধ নিতে তাকেসহ দলীয় তিন কর্মীকে অপহরণ করা হয়েছে।
তবে বাদলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ২১টি মামলা রয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। এ কারনে কেউ কেউ মনে করছেন, সাদা পোশাকে আইন শৃংখলা বাহিনীর কোন সংস্থা তাদেরকে তুলে নিয়ে গেছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, অপহৃত তিনজনকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে। তবে আইন শৃংখলা বাহিনীর কোন সংস্থা তুলে নিয়ে গেছে এমন কোন তথ্য তার জানা নেই বলে জানান তিনি।
এদিকে রাত ১১টার দিকে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়েছে।
জেড





