সাতক্ষীরার তালায় পুলিশের সঙ্গে ডাকাত দলের সংঘর্ষে আতিয়ার মোড়ল (৩৫) নামে এক ডাকাত গুলিবিদ্ধ এবং দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার ভোররাতে তালা উপজেলার ইসলামকাটি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। আতিয়ার মোড়ল উপজেলার লাউতাড়া গ্রামের মৃত আফছার উদ্দিনের ছেলে।
তালা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম বলেন, ইসলামকাটি এলাকায় ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাতরা পিছু হটে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ারকে গ্রেফতার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
আতিয়ারের বিরুদ্ধে পাটকেলঘাটা, তালা, ডুমুরিয়া, কেশবপুরসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ আটটি মামলা রয়েছে।
আতিয়ার মোড়লের স্ত্রী মাছুরা বেগম জানান, তাকে চার দিন আগে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। আজ তাকে গুলি করা হয়েছে।
কেএইচ





