বিএনপি পরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শক্তিশালী নির্বাচন কমিশন চায় যুক্তরাষ্ট্র, মার্কিন রাষ্ট্রদূতের এমন মন্তেব্যের প্রেক্ষিতে মঙ্গলবার  দুপুরে কুষ্টিয়া পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২০১২ সালে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের পরামর্শে একটি সার্চ কমিটি গঠন করেন। সেই সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এর চেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশে বা কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশন গঠনের নজির আছে বলে জানা নেই।

হানিফ বলেন, মার্কিট রাষ্ট্রদূত হিসেবে তিনি আমাদের উন্নয়নের সহযোগিতার কথা বলতে পারেন। তবে নির্বাচন কমিশনের গঠন সরকারের বিষয়, এটি দেশের বিষয়। বিএনপি পরিকল্পিতভাবে দেশের নির্বাচন ব্যবস্থাকে ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়। সুতরাং তাদের কাছে কোনো নির্বাচন কমিশনই গ্রহণযোগ্য হবে না একমাত্র আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করা হলে তাদের কাছে গ্রহণযোগ্য হবে।

গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলার ঘটনায় বিএনপির তদন্ত রিপোর্ট প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, তাদের তদন্ত কমিটি গঠনের এখতিয়ারও নেই, কেউ ক্ষমতাও দেয়নি। তারা কী রিপোর্ট দিল না দিল এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, গিয়াস উদ্দিন মিন্টু, চৌধুরী মুর্শেদ আলম মধু, সাধারণ সম্পাদক আজগর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবাদত হোসেন প্রমুখ। পরে ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি সংক্রান্ত দুস্থ্য রোগীদের মধ্যে চিকিৎসার জন্য চেক বিতরণ করেন হানিফ।

সবুজ/নাজিব