সকাল ৮টার পর আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া, নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা শারমিন গ্রুপের সামনে জড়ো হতে থাকেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, সকাল থেকেই শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করছিলেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার পর আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হা-মীম গ্রুপসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা শারমিন গ্রুপের প্রধান ফটকের সামনে জড়ো হতে শুরু করেন।
একপর্যায়ে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের এলাকায় বিভিন্ন প্লাস্টিকজাতীয় সামগ্রীতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয়। পুলিশের ধাওয়ার মুখে শ্রমিকেরা সংগঠিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও নিরাপত্তা জোরদারে শিল্পাঞ্চলের বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ, শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। নরসিংহপুর এলাকায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জলকামান।
এনএইচ
















