বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ৮৪.৩৭ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৭১ শিক্ষার্থী।

বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বের্ডের অধীনে ১ হাজার ৩৪২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ হাজার ৪৪৫ পরীক্ষার্থীর মধ্যে ৫৯ হাজার ৪৪৫ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৩ হাজার ১৭১ শিক্ষার্থী।

বিষয় ভিত্তিক পাসের দিক থেকে এ বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশী ৯৪.৫৮ শতাংশ। এ ছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৬.৭১ শতাংশ ও মানবিক বিভাগে ৭৫.৮৯ শতাংশ।

এ বছরও পাসের দিক থেকে বরিশাল শিক্ষা বোর্ডে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। ৩৫ হাজার ২২৯ ছাত্রীর মধ্যে ২৯ হাজার ৮৮৯ জন পাশ করেছে। মেয়েদের পাসের হার ৮৪. ৮৪ শতাংশ।

অন্যদিকে ৩৫ হাজার ২২৭ ছাত্রের মধ্যে ২৯ হাজার ৫৫৭ জন পাস করেছে। ছেলেদের পাসের হার ৮৩. ৯০ শতাংশ।

এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে অধীনে পাসের দিক থেকে প্রথম স্থান অর্জন করেছে বরিশাল ক্যাডেট কলেজ, দ্বিতীয় স্থানে বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় স্থানে বরিশাল জিলা স্কুল, চতুর্থ স্থানে বরগুনার পাথরঘাটার তাসলিমা মেমোরিয়াল একাডেমি, পঞ্চম স্থানে পটুয়াকালী সারকরি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ষষ্ঠ স্থানে বরগুনার তালতলির হাজির হাট মাধ্যমিক বিদ্যালয়, সপ্তম স্থানে পটুয়াখালী সরকারি জুবলী মাধ্যমিক বিদ্যালয়, অষ্টম স্থানে পিরোজপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, নবম স্থানে বরগুনার তালতলি ছোট বাগি পিকে মাধ্যমিক বিদ্যালয় ও দশম স্থানে বরিশাল সদর উপজেলার ভুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়।

এ ছাড়া জেলা অনুযায়ী পাসের দিক থেকে এগিয়ে ঝালকাঠি জেলা। এ জেলায় পাশের হার ৮৬.৯৩ শতাংশ। এরপর বরিশাল জেলা ৮৫.৯৭ শতাংশ, ভোলা জেলা ৮৫.৩৯ শতাংশ, পিরোজপুর জেলা ৮৪.৬০ শতাংশ, বরগুনা জেলা ৮৪.১৩ শতাংশ ও পটুয়াখালী জেলা ৭৯.১১ শতাংশ।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহ্ আলমগীর জানান, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৭০ হাজার ৮১৭ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭০ হাজার ৪৫৬ জন। এ ছাড়া কেন্দ্র থেকে বহিষ্কার হয়েছে ২৪ জন।

তিনি বলে প্রকাশিত ফলাফলে কোন বা অসংগতি দেখা গেলে বোর্ড কর্তৃপক্ষ তা সংশোধন করতে পারবে। সে ক্ষেত্রে আজ (৩০ মে) থেকে আগামী ৩০ দিনের মধ্যে লিখিতভাবে প্রার্থীদের আবেদন করতে হবে। এ ছাড়া আগামী ৬ জুনের মধ্যে এসএসএসর মাধ্যমে পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে।

কেএইচ