চট্টগ্রামের আকবর শাহ থানার বাগানবাড়ি নামক এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং গ্রেনেড তৈরির সরঞ্জামসহ এক জেএমবি নেতাকে আটক করেছে পুলিশ।
আটককৃত জঙ্গি নেতার নাম এরশাদ হোসেন (২২)।
সোমবার সকাল ৮টার দিকে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদীপ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-এর এই নেতাকে আটক করতে সক্ষম হয়।
আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আকবর শাহ’র বাগান বাড়ি এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে জেএমবি নেতা এরশাদকে আটক করা হয়। এই সময় ওই বাসায় তল্লাশি চালিয়ে গ্রেনেড তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
এরশাদ চট্টগ্রাম অঞ্চলের জঙ্গি তৎপরতার হোতা বলে পুলিশ নিশ্চিত করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগিদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এসএইচ, কেবি





