রাজশাহীর গোদাগাড়ীতে পল্লী বিদ্যুতের গাড়ি চাপায় রুমা খাতুন (২২) নামে এক তরুণী নিহত হয়েছে।

আজ (শনিবার) সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কাদিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুমা খাতুন কাদিপুর গ্রামের বাদশা শেখের মেয়ে। স্থানীয় একটি জুস কারখানায় কাজ করতেন তিনি।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, সকালে সড়কের পাশ দিয়ে হেঁটে কারখানায় যাচ্ছিলেন রুমা খাতুন। এসময় চাঁপাইনবাবগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তরুণীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়ি ফেলে চালক পালিয়েছেন। গাড়িটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান গোদাগাড়ী থানার এই পুলিশ কর্মকর্তা।

এমবি