এখন আর কোনো মানুষ গরিব নেই মন্তব্য করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকার দুঃস্থ ও অসহায় মানুষকে সহায়তা প্রদান করে আসছে। ফলে দেশের মানুষকে আর না খেয়ে থাকতে হবে না।

শুক্রবার সকাল ১১টায় ঝালকাঠির নলছিটি পৌরসভা চত্বরে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছিলেন জাতির আদর্শের প্রতীক। তার স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। কারণ এ দেশের মানুষের প্রতি বঙ্গবন্ধু পরিবারের মতো কেউ মমতাময়ী হবে না।

ভারপ্রাপ্ত পৌর মেয়র মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহআলম ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস লস্কর। পরে শিল্পমন্ত্রী ৬৩ জনের মধ্যে এক লাখ ৭০ হাজার টাকা বয়স্ক ভাতা, ২৪ জন নারীর মধ্যে ৬৪ হাজার টাকা বিধবা ভাতা ও আটজনের মধ্যে ২৫ হাজার টাকা প্রতিবন্ধী ভাতা প্রদান করেন।

ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ