বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী মারা গেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় তিনি দেহ ত্যাগ করেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জাতীয় সমন্বয়ক অধ্যাপক সামন্ত লাল সেন বিবিসিকে ওই তথ্য জানান।
তিনি জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় পরপর তিনবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুবীর নন্দী।
বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর মেয়ে ফাল্গুনী নন্দী।
১৮ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর গত ৩০ এপ্রিল সিঙ্গাপুরে নেয়া হয় সুবীর নন্দীকে। তার দুইদিন পর সুবীর নন্দীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও আবার অবনতি হতে থাকে। সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালীন পরপর তিনবার হৃদরোগে আক্রান্ত হন তিনি।
সর্বশেষ রোববার (৫ মে) সকালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এই শিল্পী। দ্রুতই হার্টে চারটি রিং পরান ডাক্তাররা।
গেল ১৪ এপ্রিল শ্রীমঙ্গল থেকে ফেরার পথে ট্রেনে অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৩০ এপ্রিল সিঙ্গাপুরে নেয়া হয়। একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী সুবীর নন্দী ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।
চলচ্চিত্রে প্লেব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। আর চলতি বছরে সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার সুবীর নন্দীকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেছে।
এএস





