বগুড়ায় সন্ত্রাসীদের হামলায় ডেইলী ইনডিপেনডেন্ট ও দৈনিক ইনকিলাবের বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার মাহফুজ মন্ডল গুরুতর আহত হয়েছেন।
তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বিকেল ৪টার দিকে বগুড়া রেলওয়ে স্টেশন এলাকায় এঘটনা ঘটে।
সাংবাদিক রবিউল ইসলাম জানান, রেলওয়ে স্টেশন থেকে হকার্স মার্কেটের দিকে আসার পথে ৫/৬ জন সন্ত্রাসী অতর্কিতভাবে সাংবাদিক মাহফুজ মন্ডলের ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে মাহফুজ মন্ডল মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা এলাকা ছেড়ে চলে যায়।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি আশংকামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।
রবিউল ইসলাম জানান, মাহফুজ মন্ডল কতিপয় সন্ত্রাসীর ব্যাপারে পুলিশকে কিছু গোপন তথ্য সরবরাহ করেছেন এমন অভিযোগে সন্ত্রাসীরা সাংবাদিক মাহফুজ মন্ডলকে হুমকি দিচ্ছিলেন।
বগুড়া সদর থানার ওসি আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে, সন্ত্রাসীরা কেন সাংবাদিক মাহফুজের ওপর হামলা করলো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।
এসএইচ





