মাগুরার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামে চাঞ্চল্যকর আরজ আলী হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে তাকে মাগুরা জজ আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার এসআই আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের প্রধান আসামি একই উপজেলার রায়নগর গ্রামের দুলাল শেখের ছেলে সাইফুলকে আটক করা হয়। আসামি সাইফুল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।

পরকীয়া প্রেমের কারণে গত ২৩ জুলাই সাইফুল ও তার সঙ্গীরা রায়নগর গ্রামের আরজ আলীকে শ্বাসরোধ করে হত্যা করে পার্শ্ববর্তী গড়াই নদীতে ফেলে দিয়ে আসে। পরদিন তার লাশ নদীতে ভেসে উঠতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ আরজ আলীর স্ত্রী রোজিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার প্রেমিক সাইফুল ও সঙ্গীদের নিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে স্বীকারোক্তি দেয়।

কেএইচ