মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা করেছে জামায়াত-শিবির। এসময় পুলিশ ধাওয়া দিয়ে মোহাম্মদ ফখরুদ্দিন (২৩) নামে শিবিরের এক নেতাকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আমবাগান এলাকা থেকে আকস্মিকভাবে মিছিল বের করে জামায়াত-শিবিরের ২০-৩০ জন নেতাকর্মী।
খবর পেয়ে টাইগার পাস এলাকা থেকে পুলিশ গিয়ে তাদের ধাওয়া দেয়। এসময় পুলিশ ফখরুদ্দিনকে আটক করতে সক্ষম হয়। তাকে খুলশী থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খুলশী থানার সেকেন্ড অফিসার এস আই মামুনুর রশিদ বলেন, ফখরুদ্দিনের নেতৃত্বে মিছিল হচ্ছিল। সে শিবিরের নেতা। তবে কোন পদে আছে জিজ্ঞাসাবাদে সে এখনও তা জানায়নি। জিজ্ঞাসাবাদ চলছে।
কেএইচ





