গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে লাগানো সাঁওতালদের ধান কাটার কাজ অবশেষে শুরু হয়েছে। চিনিকল কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ধান কাটা মেশিন দিয়ে এ ধান কাটা শুরু হয়।
এ সময় কোনো সাঁওতালকে সেখানে দেখা যায়নি। তবে চিনিকল কর্তৃপক্ষের দাবি, ধান কাটার জন্য সাঁওতালদের সম্মতি নেওয়া হয়েছে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল আওয়াল বলেন, ‘আমরা মেশিন দিয়ে ধান কেটে, মাড়াই করে, বস্তায় ভরে সাঁওতালদের দেব। ধান কাটার সময় সাঁওতালদের পক্ষ থেকে কেউ উপস্থিত না থাকলেও তাদের সম্মতিতেই ধান কাটা হচ্ছে।’
এদিকে সাঁওতাল নেতারা জানিয়েছেন, তারা নিজেরাই ধান কাটতে চেয়েছিলেন। কিন্তু বেড়া খুলে না দেওয়ায় তারা ধান কাটতে পারেনি। এখন চিনিকল কর্তৃপক্ষের কাটা ধান তারা নেবেন কি না সে বিষয়ে সিদ্ধান্ত পরে জানাবেন।
গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় রংপুর চিনিকলের জায়গায় সাঁওতালরা চলতি বছরের ১ জুলাই ঘরবাড়ি তোলার পাশাপাশি ধান চাষ করেন। এ জমি উদ্ধারকে কেন্দ্র করে চিনিকলের কর্মকর্তা ও কর্মচারীরা ৬ নভেম্বর হামলা চালিয়ে সাঁওতালদের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে সাঁওতাল ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। এদের মধ্যে ৩ জন সাঁওতাল মারা যান।
রুবেল/জারিফ





