ফরিদপুর সদর উপজেলার পালপাড়ায় ৭০টি সরস্বতী প্রতিমা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। প্রতিমাগুলো বিভিন্ন পূজা মণ্ডপে সরবরাহের উদ্দেশ্যে তৈরি করে রাখা হয়েছিলো।

সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পালপাড়ার সুকুমার চন্দ্র পাল ও তার ভাই প্রদীপ চন্দ্র পাল আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠেয় সরস্বতী পূজা উপলক্ষে জেলার বিভিন্ন পূজা মন্দিরে সরবরাহের লক্ষ্যে বেশ কিছু প্রতিমা তৈরি করে রেখেছিলেন। মঙ্গলবার সকালে রক্ষণাবেক্ষণ করতে গিয়ে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ইউএনও জহিরুল হক ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহসিনুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রতিমার কারিগর সুকুমার চন্দ্র পাল ও প্রদীপ চন্দ্র পাল জানান, স্থানীয় কারো সঙ্গে তাদের বিরোধ নেই। অনেক দিন ধরে ওই স্থানে প্রতিমা তৈরির কাজ করে আসছিলেন তারা।

তারা আরো জানান, দেড় শতাধিক মূর্তি তৈরি করে রাখা হয়েছিল। যার মধ্যে ৭০টি প্রতিমা ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর বলেন, ‘অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য এ ঘটনা ঘটানো হয়েছে।’

জেলা অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক বলেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এমকে