যাত্রী নিয়ে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসায় পটুয়াখালীতে আন্দোলনরত নৌপরিবহন শ্রমিকদের হামলায় তিন কর্মী আহত হয়েছেন।
আজ রোববার সকালে পটুয়াখালী লঞ্চ টার্মিনালে রাসেল-৪ নামের লন্ঞ্চটি পৌছালে সেখানে হামলা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌ শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট না মেনে রাসেল-৪ নামের লঞ্চটি রোববার ভোর সাড়ে ৬টার দিকে পটুয়াখালী টার্মিনালে পৌঁছালে আন্দোলনরত পরিবহন শ্রমিকদের হামলায় ওই লঞ্চের লস্কর জাহাঙ্গীরসহ তিনজন আহত হন। পরে আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পরে গতকাল শনিবার রাতে সারা দেশে চলমান নৌধর্মঘট প্রত্যাহার করে নেয় নৌযান শ্রমিক ফেডারেশন। নৌযান শ্রমিকরা সরকারকে নৌপরিবহনের ভাড়া বাড়ানোসহ তাদের ১১ দফা দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছেন। পরে সরকারের আশ্বাস পেয়ে শনিবার রাত ১১টার পর ধর্মঘট প্রত্যাহার করে নেন শ্রমিক নেতারা।
নৌযান শ্রমিকদের ১১ ঘণ্টাব্যাপী ধর্মঘটের কারণে হাজার হাজার যাত্রী বিপাকে পড়ে। আন্দোলনের সময় ঢাকার সদরঘাট, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ভাণ্ডারিয়া ও ঝালকাঠিসহ দেশের ৩৩টি রুটে নৌযান চলাচল বন্ধ ছিল।
এমএম





