দেশে স্থাপিত সব ‘মূর্তি’ অপসারণ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত 'শুকরিয়া আদায় মিছিলে' এ দাবি জানানো হয়।

মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী এ দাবি জানান।

মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, ‘দেশে মূর্তি সংস্কৃতি চলবে না। কোনও অবস্থায় রাস্তার পাশে মূর্তি স্থাপন মেনে নেওয়া হবে না।’

'মূর্তি' সরিয়ে প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি রক্ষা করায় তাকে ধন্যবাদ জানিয়ে কাসেমী আরও বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) যেন সবসময় ইসলামের খেদমত করতে পারেন এই দোয়া আমরা করছি।’

সমাবেশে হেফাজতের ঢাকা মহানগরের সহসভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ‘বাংলার মাটিতে আর কোনও মূর্তি স্থাপন করা যাবে না। এ ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তৌহিদী জনতা দাঁত ভাঙা জবাব দেবে।’

এসময় আরও বক্তব্য রাখেন হেফাজতের ঢাকা মহানগরের সহসভাপতি আব্দুর রব ইউসূফী।

এমএনজে