নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের পূর্বছাতনাই মাস্টারপাড়া গ্রামে স্ত্রী খাদিজা বেগমকে (৫৫) পিটিয়ে হত্যার অভিযোগে আরফান আলীকে (৬৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

রোববার সকালে তাকে আটক করে পুলিশে দেয়া হয়। এর আগে শনিবার শেষ রাতে খাদিজাকে পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসী জানান, পারিবারিক কলোহের জের ধরে আরফান তার স্ত্রী খাদিজাকে শনিবার রাতে পিটিয়ে হত্যার পর ঘরে আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচারণা চালান। কিন্তু লাশের শরীরে আঘাতের চিহ্ন থাকায় এলাকাবাসী আরফান আলীকে আটক করে।

ডিমলা থানার অফিসার ইন চার্জ (ওসি) শওকত আলী বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে আরফান আলীকে গ্রামবাসী আটক করে থানায় সোপর্দ করেছে।

তবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ