মার্বেল খেলতে না দেয়ায় মার সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে মণি আক্তার (৮) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পূর্ব কান্দাইল গ্রামে বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
মণি আক্তার স্থানীয় কান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল ও পূর্ব কান্দাইল গ্রামের সোহেল মিয়ার মেয়ে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে লাশ কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, বিকালে নিজ বাড়ির সামনে সহপাঠীদের সঙ্গে মণি মার্বেল খেলছিল। মণির বাড়িতে আসতে দেরি দেখে মা বাড়ির সামনে যান। তখন মণিকে মার্বেল খেলতে দেখে শাসন করেন। এতে সে বাড়িতে এসে সন্ধ্যায় ঘরে ঢুকে গলায় ওড়না দিয়ে ফাঁস নেয়। বাড়ির আশপাশে না দেখে মা ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় মণিকে দেখতে পেয়ে চিৎকার করলে এলাকার লোকজন এসে থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
জেএ





