রাজধানীর বংশালে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।এ সময় পুলিশও ফাঁকা গুলি চালায়।তবে এতে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

সোমবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে রাজধানীর আজিমপুর এবং সুরিটোলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার বেলা পৌনে ৩ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আজিমপুরের ভিকারুন-নিসা-নূন স্কুলের সামনে হরতালের সমর্থনে ছাত্রদল মিছিল বের করে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে, সুরিটোলায় একই সময় পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত বা আটকের খবর পাওয়া যায়নি।

বংশাল থানার ডিউটি অফিসার এসআই মুক্তার হোসেন বলেন, যারা বাইরে ডিউটিতে রয়েছেন তারা ঘটনাটি জানেন। আমি জানিনা।

এ ব্যাপারে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা শুনেছি।

এমআর/এসএইচ