যশোরের ঝিকরগাছা উপজেলায় ইসরাফিল হোসেন (৩৫) নামে এক যুবক গুলিতে আহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার বাঁকড়ার দিগদানা গ্রামে এ ঘটনা ঘটে। ইসরাফিল হোসেন মনিরামপুর উপজেলার চাকলা গ্রামের বাসিন্দা। তাকে রাতেই যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ইসরাফিল হোসেন অভিযোগ করেন, শনিবার সন্ধ্যায় তিনি ঝিকরগাছা উপজেলার দিগদানা গ্রামের শহিদুল ইসলামের দোকানে বসে ছিলেন। এ সময় পুলিশ তাকে ধরে পায়ে গুলি করে। ১৯৯৯ সালে তার নামে ষড়যন্ত্রমূলক মামলা হয়। বর্তমানে তিনি দিগদানা গ্রামে বসবাস করছেন।

রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আইনুদ্দিন বলেন, ইসরাফিলসহ ৪-৫ জন যুবক দিগদানা গ্রামের নোয়ালী নদীর পাড়ে বসে ছিল। পুলিশকে দেখে তারা গুলি করে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তার হাঁটুর ওপরে গুলি লাগে। ইসরাফিলের নামে হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে। তার কাছ থেকে একটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে।

এম আর