ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। আর আহত অবস্থায় আরো তিনজনকে মানিকগঞ্জ সদর ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে ঢাকাগামী সোহাগ পরিবহনের বাস ও ঝিটকাগামী পিকআপ এই দুর্ঘটনার কবলে পড়ে।
নিহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকার শেফালী বেগম (৫০) ও তার মেয়ে নাসরিন আক্তার (৩০), জয়নগর এলাকার আক্কাছ আলীর ছেলে মিজানুর রহমান (৩০) এবং ভাদ্রা এলাকার পরাণ রাজবংশী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকাল ছয়টার দিকে ওই এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ যাত্রী শেফালী ও নাসরিন নিহত হন।
আহত অবস্থায় মিজানুর ও পরাণসহ তিনজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং দুইজনকে মুন্নু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় মিজানুর ও পরাণ মারা যান।
বরংগাইর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌল্লা জানান, ঘটনাস্থল থেকে বাস আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য লাশ নেয়ার প্রক্রিয়া চলছে।
আর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভারিক রয়েছে বলেও জানান তিনি।
এমই





