বরিশালের হিজলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মোসলেম সরদার (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে।

এছাড়া ২৫টি বসতঘরে অগ্নিসংযোগ ও স্থানীয় বাজারে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড গুলি নিক্ষেপ করে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চর আবুপুর এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শনকারী হিজলা থানার এসআই জাকির হোসেন জানান, চর আবুপুর গ্রামের ১২০০ একর জমি সরকারের ১নং খাস খতিয়ানভুক্ত। সরকার সম্প্রতি ওই জমি থেকে ভূমিহীনদের মাঝে দেড় একর করে বন্দোবস্ত দেয়।

সেই জমি পৈত্রিক সম্পত্তি দাবি করে আসছে চর আবুপুর গ্রামের উত্তরপাড়ের বাসিন্দা সোহরাব সিকদার ও তার বংশের লোকজন। এ নিয়ে দক্ষিণপাড়ের বাসিন্দা ইউপি সদস্য মজিবর রহমান সরদার গ্রুপের সঙ্গে সোহরাব গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

শুক্রবার সোহরাব সিকদার গ্রুপের তিন শতাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে চর দখল করতে যায়। এক পর্যায় তারা চর আবুপুর গ্রামের ২৫টি বসতঘরে আগুন দেয়। প্রতিপক্ষ মজিবর মেম্বার গ্রুপ প্রতিরোধ করতে গিয়ে ব্যর্থ হয়।

সোহরাব গ্রুপের লোকজন মজিবর গ্রুপের চান্দু হাওলাদার ও মোসলেম সরদারসহ তিনজনকে কুপিয়ে আহত করে। তাদের বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোসলেম সরদার মারা যায়। এসময় তারা পার্শ্ববর্তী বাজারে প্রবেশ করে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী হিজলা থানার আরেক এসআই সুজিত সরকার জানান, ঘটনাস্থল থেকে সোহরাব গ্রুপের শাহাদাৎ সিকদার, মিরাজ সরদার ও হারুন মুন্সিকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে পাঁচটি টেঁটা উদ্ধার করা হয়েছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুুজ্জামান জানান, জমি নিয়ে দু'পক্ষের বিরোধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। বতর্মানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমএনজে