গোপালগঞ্জে প্রতিবন্ধী মেয়ের ভাতার বই আনতে গিয়ে মা রুবিয়া বেগম (৬৫) ট্রাকচাপায় নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার কাটরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবিয়া বেগম টুঙ্গীপাড়া উপজেলার বাশুড়িয়া গ্রামের মৃত রাঙ্গা মিয়ার স্ত্রী।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, রুবিয়া বেগম প্রতিবন্ধী মেয়ে পেয়ারা খানমের ভাতার বই আনতে গোপালগঞ্জ সদর উপজেলার সমাজসেবা অফিসে আসছিলেন।

এ সময় ঘটনাস্থলে বাসের জন্য অপেক্ষা করতে থাকলে কোটালীপাড়া থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হরিয়ে তাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

এমই