পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় নির্মানাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কাজে ব্যবহৃত পুরাতন রড ও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ সময় তিনি কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
জানা যায়, প্রায় সাড়ে ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সাঁথিয়ার পৌরসদরে দৌলতপুরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণাধীন কাজের কার্যাদেশ পায় ঢাকাস্থ মজিদ সন্স কনসট্রাকশন লিঃ। যার টেন্ডার আইডি নং ১১০৮৮৯। অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান পুরাতন ব্যবহৃত রড, ঢালাই ভাঙ্গা ব্যবহৃত (রিইউজ) পাথর ও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করে আসছিল। এ অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম সরেজমিনে ঘটনার সত্যতা পাওয়ায় তাৎক্ষনিক নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ সময় উপজেলা প্রকৌশলী শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলীকে অবগত করা হয়েছে।
এ বিষয়ে পাবনা ফ্যাসিলিটিজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মারুফ আল ফারুকীর নিকট জানতে চাইলে তিনি বলেন, এ রকম হওয়ার কথা নয়। সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
রাকিবুল হাসান/ এসএম





