নরসিংদী শহরের দত্তপাড়া এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছেন স্থানীয় উপজেলা প্রশাসন। এখানে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সভাস্থল শহরের দত্তপাড়া এলাকার নরসিংদী পাইলট উচ্চবিদ্যালয় ও তার আশপাশের ৫০০ গজ এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
উপজেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে গত ১৭ ডিসেম্বর শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা ৩টায় নরসিংদী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নব গঠিত ওই কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠান আহ্বান করা হয়।
অপরদিকে, ওই কমিটির প্রতি অনাস্থা জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামানের নেতৃত্বে একই জায়গায় একই সময়ে পুনরায় ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আহ্বান করা হয়।
এতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ওই বিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূইয়ার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিনা বেগম বলেন, একই জায়গায় দুই পক্ষের সভা আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা ছিল। তাই নরসিংদী পাইলট উচ্চবিদ্যালয় এবং তার আশপাশের ৫০০ গজ এলাকার মধ্যে সব ধরনের মিছিল, সভা, সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, আইনশ্ঙ্খৃলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সে জন্য দত্তপাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এমকে





