পাসপোর্ট ছাড়া ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে দিনাজপুরে ২১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকাল ৮টার দিকে হিলি সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২১০০ রুপি ভারতীয় মুদ্রা জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন-এনামুল, আজিজুল, জয়নাল শহিদুল, জুয়েল, রাজাবুন, মোবারক, শাহাজান, নাছির, ধনিরাম, বিমল, জামান, দুলাল, জাহাঙ্গীর, আকিবুল, জগো, মন্টু, বাবুল, ফারুক, তরিকুল ও মোহন। তারা সবাই ঠাকুরগাঁও জেলা সদরের বাসিন্দা।
বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল জব্বার জানান, আটক ২১ জন বাংলাদেশি কর্তব্যরত বিজিবি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে হিলি সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করে।
এসময় তারা সিপি রোডের কাছে একটি বাড়িতে একত্রিত হয়ে ঠাকুরগাঁও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা পাসপোর্ট ছাড়া দেশে প্রবেশের কথা স্বীকার করে।
তিনি আরো জানান, আটককৃতরা কাজের সন্ধানে বিভিন্ন সময়ে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে যায়। ঈদের জন্য তারা অবৈধভাবে সীমান্ত দিয়ে দেশে ফিরছিল।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাকিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
এআর





