বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন’র সভাপতি মহিউদ্দিন আহমেদ আজ ১ আগষ্ট ২০১৬ইং (সোমবার) এক বিবৃতিতে বলেন, সিটিসেল রিম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০ লক্ষ।
সর্বশেষ বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয় প্রায় ৮ লক্ষ গ্রাহক। গতকাল বিটিআরসি’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ আগষ্ট ২০১৬ইং তারিখ হইতে সিটিসেল বন্ধ হয়ে যাবে এবং সিটিসেল ব্যবহারকারীদেরকে অন্য অপারেটর বেছে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। কিন্তু এ বিপুল সংখ্যক গ্রাহকের ভোগান্তি ও আর্থিক ক্ষতি বিটিআরসি বিবেচনায় নেয়নি। অন্য অপারেটর ব্যবহার করার ফলে সিটিসেল এর ব্যবহারকারীদের পূর্বের হ্যান্ডসেট কোন কাজে আসবে না। ফলে তাদেরকে নতুন করে হ্যান্ডসেট ও সিম ক্রয় করতে হবে।
আবার পূর্বের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করার সময় এসকল গ্রাহককে প্রচুর হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল। প্রাথমিক ভাবে আমাদের সংগঠনের হিসাবে লক্ষ্য করা যায় এ খাতে এ বিপুল সংখ্যক গ্রাহককে ৮শ থেকে সাড়ে ৮শ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে। এই ব্যয় নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বহন করার কথা থাকলেও বিটিআরসি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কোন নির্দেশনা দেয় নি। আজ দুুপুর ১২ টা ৩০ মিনিটে আমাদের পর্যবেক্ষক টিম সিটিসেল অফিসে যোগাযোগ করলে, কোন কর্মকর্তা এ বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি। এ বিষয়ে বিটিআরসিকে গণশুনানি করে তারপর সিটিসেল বন্ধ ঘোষণা করার আহ্বান জানাচ্ছে সংশ্লিষ্ট গ্রাহকরা।
এসএ





