ইউপি নির্বাচনকে যারা রক্তাক্ত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী আজ ডিজেলের মূল্যহ্রাসে দূরপাল্লার বাসে পুন:নির্ধারিত ভাড়া কার্যকরে গাবতলী টার্মিনালে পরিচালিত বিআরটিএ’র মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, যারা এ কাজ করেছে তারা হয়তো এখন বুঝতে পারছে না, তবে দলীয় ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পরবর্তী সম্মেলন বা কমিটিতে তারা তা বুঝতে পারবে।

তিনি আরো জানান, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্নে করতে ঢাকা মহানগরীর পার্শ্ববর্তী বিভিন্ন যানজটপ্রবণ ১০টি স্পটে ৯’শ জন স্বেচ্ছাসেবক কাজ করবে। ঈদের আগে ৫দিন স্বেচ্ছাসেবকগণ পুলিশকে পরিবহন ব্যবস্থাপনায় সহায়তা করবে।

মন্ত্রী বলেন, তিন শিফটে সড়ক স্বেচ্ছাসেবকগণ কাজ করবে। প্রতি শিফটে থাকবে ৩’শ জন করে। স্কাউট, বিএনসিসি, এলাকাভিত্তিক কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের এ কাজে সম্পৃক্ত করা হবে বলে তিনি জানান।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আশুলিয়ার জিরাবো বাজার, ফ্যান্টাসী কিংডমের সামনে, বাইপাইল মোড়ে, চন্দ্রা মোড়, কোনাবাড়ি, কালিয়াকৈর মোড়, নবীনগর মোড়, কাঁচপুর, ভুলতা, মেঘনাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে এসকল স্বেচ্ছাসেবক কাজ করবে। এছাড়া গাজীপুর চৌরাস্তা, টঙ্গী, ভোগড়া ইত্যাদি পয়েন্টে কমিউনিটি পুলিশ কাজ করবে।

তিনি বলেন, ঈদযাত্রায় মহাসড়কগুলোর যানজটপ্রবণ এলাকায় মহিলা ও শিশুদের জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য মহাসড়কের পাশে এবং ফেরিঘাটে অস্থায়ীভিত্তিতে টয়লেট নির্মাণ করা হবে।

মন্ত্রী আরও বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক তথা চন্দ্রা মোড়ের সম্ভাব্য যানজট মোকাবিলায় যাত্রীদের জন্য তিনটি বিকল্প রুট হিসেবে কালিয়াকৈর-ধামরাই সড়ক, আরিচা-ঘিওর-নাগরপুর-টাঙ্গাইল সড়ক এবং কালামপুর-সাটুরিয়া-দেলদুয়ার-টাঙ্গাইল সড়ক ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে। ছোট আকারের যানবাহনগুলো এ তিনটি বিকল্প রুটে চলাচল করতে পারবে।

পরিদর্শনকালে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ বিআরটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইআর/এমআর