ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে লাকি আক্তার (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পৌর এলাকার দত্তপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। স্বামী সবুজকে (২৭) আটক করেছে পুলিশ।
পারিবারিক কলহের জেরে ক্ষুব্ধ হয়ে লাকির বুকে ছুরি বসিয়ে দেয় সবুজ। শ্বশুর বাড়িতে স্ত্রীর বুকে ছুরি বসিয়ে পালানোর সময় এক কিলোমিটার ধাওয়া দিয়ে সবুজকে আটক করে জনতা। হাসপাতালে নেওয়ার পথে প্রাণ যায় লাকির।
পৌর এলাকার দত্তপাড়া মহল্লার মতিউর রহমান প্রায় চার বছর আগে মেয়ে লাকি আক্তারকে বিয়ে দেন জেলার তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের মেছেরা গ্রামের আবদুল কাদিরের ছেলে সবুজ মিয়ার সঙ্গে। সবুজ পেশায় রাজমিস্ত্রী শ্রমিক। তাদের ঘরে প্রায় ৩ বছর বয়সী আনিকা নামে একটি কন্যা সন্তান রয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সবুজ-লাকির সংসারে কলহ লেগেই থাকতো। স্বামীর সঙ্গে ঝগড়া করে গত শনিবার গাজীপুরের নয়নপুরে সন্তানকে নিয়ে খালার বাসায় চলে যান লাকি। সবুজও স্ত্রীর সন্ধান করে সোমবার সেখানে যান। লাকিকে বুঝিয়ে মঙ্গলবার সকালে দত্তপাড়ায় বাবার বাড়িয়ে নিয়ে যান। বুধবার (১৮ সেপ্টেম্বর) লাকিকে সঙ্গে নিয়ে সবুজের বাড়ি ফেরার কথা ছিল।
সকাল থেকেই কয়েক দফা স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে সকাল ৭টার দিকে লাকিকে ছুরিকাঘাত করেন সবুজ। লাকি মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত পালানোর চেষ্টা করেন সবুজ। পরে তাকে ধাওয়া করে আটক করে জনতা। লাকিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর হোসেন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এমবি





