রংপুরের মিঠাপুকুর উপজেলা এলাকার বৈরাতী মোড়ে পল্লব চন্দ্র রায় (১৭) নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে। রোববার (১৫ মে) সকালে এ ঘটনা ঘটে।
পল্লব হাসনেরপাড়া গ্রামের মৃত কৈশল চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার (১৪ মে) বিকেল ৫টার দিকে নানকর স্কুল মাঠে ক্রিকেট খেলা শেষে বাড়ি ফিরছিলো পল্লব।
এ সময় মিঠু মিয়া, শাকিল মিয়া ও মাসুদ মিয়াসহ কয়েকজন হাতাহাতি করছিল। বাধা দিলে তারা পল্লবকে মারধর করে। এতে গুরুতর আহত পল্লবকে উদ্ধার করে মিঠাপুকুর হাসপাতালে নেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরার্মশে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন করিব জানান, এ ঘটনায় নিহতের দাদি বাদী হয়ে মামলা করেছেন। আসামি জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ রমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ওএফ





