গুটিকয়েক বাঙালি সমুদ্রে ভাসছে’ মন্তব্য করে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, মানবপাচার শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর অনেক উন্নত দেশেও হচ্ছে।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে ভোরের কাগজ এবং ডিবেট ফর ডেমক্রেসি আয়োজিত ‘মানবপাচার রোধে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
অবৈধ বিদেশ গমন রোধে সরকার ব্যবস্থা নিচ্ছে জানিয়ে তিনি বলেন, “সরকারের একার পক্ষে মানবপাচার রোধ করা সম্ভব নয়। তবে সরকার ইতিমধ্যে মানবপাচার রোধে সব বাহিনীকে নির্দেশ দিয়েছে। একজন বাঙালি যদি কোনো প্রকার নিরাপত্তাহীনতায় ভোগে তার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”
সরকার মানবপাচার রোধে কূটনৈতিকভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, “আমরা যদি নিজ নিজ এলাকায় গিয়ে অবৈধভাবে বিদেশ যাওয়ার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে পারি তাহলে এর প্রবণতা অনেকাংশে কমে যাবে।”
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান চৌধুরী কিরণ মানবপাচার প্রতিরোধ দমন আইন-২০১২ এর কঠোর ও সঠিক প্রয়োগসহ নানা সুপারিশ তুলে ধরে জানান, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত সাগরে মালয়েশিয়ার পথে পা দিয়েছেন দক্ষিণপূর্ব এশিয়ার ৮৮ হাজারের বেশি মানুষ। শুধু চলতি বছরের প্রথম তিনমাসে পাড়ি দিয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ।
গোলটেবিল আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, আইওএম এর মুখপাত্র আসিফ মুনির, রামরু রিসার্চ ফেলো ড. জালাল উদ্দিন শিকদার প্রমুখ।
এমএইচ





