মেহেরপুর সদর উপজেলার ইসলামনগরে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত কৃষক ইসরাফিল হোসেন (৫৫) মারা গেছেন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে আমঝুপি বাজার থেকে বাড়ি ফেরার পথে ইসলামনগর-আমঝুপি সড়কে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রোববার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ইসলামনগর গ্রামের ইসরাফিল হোসেন আমঝুপি বাজার থেকে বাড়ি ফেরার সময় আমঝুপি-ইসলামনগর মাঠের মধ্যে ছিনতাইকারীদের কবলে পড়েন। টাকা ছিনিয়ে নিতে গেলে ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে কুপিয়ে জখম করা হয়।

এসময় তাকে উদ্ধারে এগিয়ে আসলে আমঝুপি গ্রামের রজব আলীকে অপহরণ করে ছিনতাইকারীরা। এরপর তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে ওই ছিনতাইকারী চক্র।

এ ঘটনায় পুলিশের অভিযান শুরু হলে রাত সাড়ে দশটার দিকে রজব আলীকে হিজুলী গ্রামের মাঠে ছেড়ে দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পুলিশ রজব আলী ও ইসরাফিলকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে ইসরাফিলের মুত্যু হয়।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি ও হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

এআই