কক্সবাজারে নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে আটকা পড়ে দুই স্কুলছাত্রী মারা গেছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুর আড়াইটায় চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের লুটনী এলাকায় মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে।

নিহতরা হল- কাকারা লুটনী এলাকার আবদুল মুনাফের মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী ইয়াছমিন আক্তার ইজমা (১৪) ও শামশুল আলমের মেয়ে ৫ম শ্রেণির ছাত্রী আসমাউল হুসনা মুন্নি (১১)। তারা আপন মামাতো-ফুফাতো বোন।

কাকারা ইউনিয়নের চেয়ারম্যান শওকত ওসমান জানান, তারা চার স্কুলছাত্রী মঙ্গলবার বেলা দেড়টার দিকে মাতামুহুরী নদীর লুটনী পয়েন্টে গোসল করতে নামে। গোসল করতে নামার কিছুক্ষণের মধ্যে ইয়াছমিন ও আসমাউল হুসনা নদীতে তলিয়ে যায়। এ সময় অপর দুই স্কুলছাত্রী খবর দিলে এলাকাবাসী গিয়ে বেলা আড়াইটার দিকে দু’জনের লাশ উদ্ধার করে।

এমবি