দেশের জনগণ এখনো পুলিশ দেখলে ভয় পায় বলে মনে করেন পুলিশের মহাপরির্দশক (আইজিপি) একেএম শহিদুল হক।
শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত সিলেট পুলিশ লাইনস্থ শহীদ এসপি শামসুল হক মিলনায়তনে জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহিদুল হক বলেন, ‘জনগণ ও পুলিশের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার কাজ চলছে। এজন্য কমিউনিটি পুলিশিং জোরদার করা হচ্ছে।’
তিনি পুলিশ সদস্যের উদ্দেশে বলেন, ‘থানায় হয় দালাল থাকবে, না হয় পুলিশ থাকবে। থানাকে দালালমুক্ত করাও কমিউনিটি পুলিশিংয়ের কাজ। এক্ষেত্রে কোনো ওসি যদি সহযোগিতা না করেন তবে তাকে বদলি করে দেয়া হবে।’
আইজিপি আরো বলেন, ‘বর্তমানে পুলিশ-জনগণ দূরত্ব কমিয়ে এনে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ আচরণ ও সহযোগিতার মাধ্যমে সমাজের সব অন্যায়-অপরাধ নির্মূলের চেষ্টা চালাচ্ছি আমরা। এজন্য দেশের প্রতিটি অঞ্চলে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা শক্তিশালী করার কাজ চলছে।’
সমাবেশে উপস্থিত থাকা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘সমাজে অপরাধ প্রবণতা কমিয়ে আনতে সমস্যা চিহ্নিত করতে হবে, সচেতনতা বাড়াতে হবে। নিরাপদ সমাজ গঠনে সবাইকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।’
সিলেট জেলা পুলিশ সুপার নূরে আলম মিনার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেটের ডিআইজি মো. মিজানুর রহমান, সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার কামরুল আহসান, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, শিক্ষাবিদ ড. কবির চৌধুরী, সিলেট জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ প্রমুখ।
জেআই





