ফেনীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারী ও তার দুই বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
আজ (শনিবার) দুপুরে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের কাজিরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলাগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মো. সবুজের স্ত্রী হাছিনা আক্তার ও তাদের মেয়ে উম্মে হাফসা।
ফেনী মডেল থানার এসআই গোলাম কিবরিয়া জানান, দুপুরে শহরের শাহীন একাডেমি এলাকা থেকে অটোরিকশায় করে তারা ফুলগাজী যাচ্ছিলেন। কাজিরবাগ এলাকায় বিপরীত দিক থেকে আসা উত্তরা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
এসআই আরও জানান, পুলিশ নিহতদরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর বাস ও অটোরিকশা আটক করা হলেও দুই চালকই পালিয়ে গেছে।
এমবি





