ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সড়াবাড়িয়া এলাকায় বিএনপি প্রার্থীর ধানের শীষ প্রতীকের প্রচার মাইক ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ উপজেলার সিংড়া সড়কে ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম সারোয়ার মোল্লার প্রচার মাইক ভাংচুর করা হয়।
বিএনপি প্রার্থী গোলাম সারোয়ার মোল্লার ছেলে এসকে শান্ত জানান, প্রচার মাইকটি সিংড়া সড়ক দিয়ে সড়াবাড়িয়া নামক স্থানে পৌছালে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে মাইক ও ব্যাটারি ভাংচুর করে।
তিনি অভিযোগ করেন, তাদেরকে নির্বাচনী প্রচারণা চালাতে পদে পদে বাধা দেওয়া হচ্ছে।
ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম সারোয়ার মোল্লা তার প্রচার মাইক ভাংচুরের জন্য প্রতিপক্ষ প্রার্থীকে দায়ী করেন।
তিনি অভিযোগ করেন, এনিয়ে পুলিশ ও নির্বাচন কমিশনে অভিযোগ দিয়ে কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, তাদের কাছে মাইক ভাংচুরের কোন অভিযোগ করা হয়নি।
এছাড়াও কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, আমাকে কেউ প্রচার মাইক ভাংচুরের খবর জানায়নি। জানালে ব্যবস্থা নেব।
এমআইএস।





