গাইবান্ধার সুন্দরগঞ্জে কঞ্চিবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের জায়গা দখল করে রাস্তা নির্মাণ করায় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েছেন।
কঞ্চিবাড়ি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মনোয়ার আলম সরকার নির্বাচিত হওয়ার পর শপথ নিতে না নিতেই স্বেচ্ছাচারিতার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে ৪০ দিনের শ্রমিক দিয়ে মাঠের জায়গা দখল করে রাস্তা নির্মাণ করছে।
এতে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে মঙ্গলবার ঈদগাহ মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করে।
ওই পথ দিয়ে জেলা প্রশাসক আব্দুস সামাদ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম ও উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রেজিয়া বেগম ধুবনি কঞ্চিবাড়ি স. প্রা. বিদ্যালয়ে মিড ডে মিল উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার সময় তাদের হস্তক্ষেপে প্রতিবাদ সভা স্থগিত হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে কাজ স্থগিতের কথা বলে পাশে চলমান সরকারি রেকর্ডকৃত রাস্তাটি মেরামতের ঘোষণা দিলে এলাকাবাসী শান্ত হয়।
এদিকে ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার বলেন, অস্থায়ীভাবে মাঠের জায়গার উপর দিয়ে রাস্তা নির্মাণ করার উদ্যোগ নিয়েছি আমরা।
এমআইএস





