রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

আজ শনিবার সকাল আটটায় শুরু হওয়া এই ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত।

নতুন নগরপিতা নির্বাচনে এই পৌরসভার ১০ হাজার ১৭৭ জন ভোটার ৯টি কেন্দ্রে  ভোট দিচ্ছেন।

১৫ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে দেশে এটাই প্রথম নির্বাচন। গতকাল নির্বাচন কমিশনার  অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল  শাহাদাৎ হোসেন নির্বাচনী এলাকায় গিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন। তিনি নির্বাচনী কাজে নিয়োজিত সবাইকে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন।

এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে  লড়ছেন তিন প্রার্থী। তাঁদের মধ্যে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের  জাফর আলী খান,  বিএনপির ওমর আলী ও স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পৌর এলাকা ও ভোটকেন্দ্রে  আইনশৃঙ্খলাবাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে।

কেন্দ্রের বাইরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও   র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) টহল দিতে দেখা গেছে। এ ছাড়া একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়টি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।

এমই