সড়ক দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে গাড়িতে গাড়িতে স্টিকার সাঁটিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। সকালে মহাখালী, সায়েদাবাদ ও গাবতলি বাসস্ট্যান্ডে একযোগে এই সচেতনতা প্রচার চালায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
প্রচারণার উদ্বোধনে প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ সময় তাঁরা বিভিন্ন পরিবহনের গায়ে সচেতনতামূলক স্টিকার সেঁটে দেন।
এ সময় কর্মকর্তারা বিভিন্ন গাড়ির চালক ও হেলপারের সাথে কথা বলেন এবং গাড়ি চালানোর ক্ষেত্রে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন। পরে ব্যানার নিয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য মানববন্ধন করেন বিআরটিএ কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘রাস্তায় অ্যাকসিডেন্ট হচ্ছে। এটা ঠেকাতে বড় বেশি প্রয়োজন হচ্ছে একটা তাগিদ অনুভব করা যে, আমরা আইন মেনে গাড়ি চালাব।
গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করব। যে কাজ করলে রাস্তায় দুর্ঘটনা হতে পারে- সেই কাজ থেকে আমরা বিরত থাকব। আমি মনে করি যে, এটা জাগরণের বিষয়। চালকসহ সবারই সতর্কতার বিষয়।’
এমবি





