চিকিৎসক সেজে আনুমানিক ১২ বছর বয়সী এক অচেতন শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়েছেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি অচেতন ওই শিশুকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তার হাতে অ্যাপ্রোন এবং স্টেথস্কোপ ছিলো। এরপর জরুরি বিভাগে ট্রলির উপর শিশুটিকে রেখে টিকিট কাটার কথা বলে চম্পট দেন।

এদিকে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মসিউর বলেন, অচেতন শিশুর শারীরিক অবস্থা খুবই খারাপ। তার বাম পায়ে ফ্র্যাকচার রয়েছে, ধারণা করা হচ্ছে হাড় ভেঙে গেছে। এছাড়াও শরীরের কিছু কিছু জায়গায় আঘাতের চিহ্নও রয়েছে।

এরই মধ্যে বিনামূল্যে তার যাবতীয় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক বলেন, শিশুটির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

কেএইচ