দিনাজপুরে পৃথক বজ্রপাতে তিন নারীসহ ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিরল উপজেলায় পাঁচ জন ও চিরিরবন্দর উপজেলায় এক জন মারা যান। আহত হয়েছেন পাঁচ জন।শনিবার পৃথক সময়ে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জমিতে কাজ করার সময় শনিবার দুপুর ২টার দিকে বজ্রবৃষ্টি শুরু হলে জমির মাঠে বিশ্রাম নেয়ার খড়ের তৈরি ছোট একটি কুঁড়ে ঘরে আশ্রয় নেন ১২ কৃষি শ্রমিক। এসময় বজ্রপাত ঘটলে ঘরটি আগুন পুড়ে যায়। এতে ঘরে থাকা দুই নারীসহ পাঁচ শ্রমিক মারা যান।

মৃতরা হলেন, দিনাজপুরের সদর উপজেলার মহাদেবপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মেসের আলী (৩৬), একই এলাকার মৃত মোস্তাক আহমেদের ছেলে শুকুউদ্দিন (৪০), বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের রাজারামপুর এলাকার মৃত হরিপদ রায়ের ছেলে কুশন চন্দ্র রায় (১৭) ও তার বড় বোন বনিতা রায় (৩০) এবং একই এলাকার মুক্তি রানী রায় ((৪৭)। 

এসময় আহত হন শুকুমার রায়, মল্লিক রায়, জ্যোৎস্না রানী, বলিরাম সাইদুল এবং ললিত। তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এছাড়া একই দিন ভোরে বৃষ্টি শুরু হলে গরু রক্ষা করার সময় চিরিরবন্দর উপজেলার সাইতালা ইউনিয়নের চকরামপুর গ্রামে বজ্রপাতে শহিদুল ইসলামের স্ত্রী হালিমা বেগম প্রাণ হারান।

বিরল থানার ওসি আব্দুল মজিদ ও চিরিরবন্দর থানার ওসি হারেকুল ইসলাম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএ