লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় যৌতুকের দাবিতে মুন্নি আক্তার (১৮) নামে এক নববধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ওই ঘটনার পর স্বামী হারুন ও তার বাবা জাদু মিয়া পলাতক রয়েছেন।

উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় বুধবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত মুন্নি সিন্দুর্না ইউনিয়নের মতিয়ার রহমান মন্টুর মেয়ে।

মুন্নির মা জেসমিন আক্তার অভিযোগ করেন, ‘ছয় মাস আগে পশ্চিম বেজগ্রামের পল্লীচিকিৎসক জাদু মিয়ার ছেলে হারুনের সঙ্গে মুন্নির বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক ও স্বর্ণালঙ্কারের দাবিতে হারুন কারণে-অকারণে প্রতিনিয়ত মুন্নিকে নির্যাতন করত।’

তিনি আরও বলেন, ‘আমার মেয়ে মুন্নিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই। মুন্নির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

জেআই