বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট শিক্ষাখাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়েছেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে মঙ্গলবার বিকেলে তার মন্ত্রণালয়ের দপ্তরে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
শিক্ষাখাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক(এমওইউ) স্বাক্ষরিত হবে বলে তাদের আলোচনায় সিদ্ধান্ত হয়।
শিক্ষামন্ত্রী আলোচনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শিক্ষার উন্নয়নে গৃহিত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে শিক্ষাখাতে অর্জিত ব্যাপক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশে শিশুদের স্কুলে পড়ার হার বৃদ্ধি, প্রাথমিক ও মাধ্যমিকপর্যায়ে ছাত্রছাত্রীর সংখ্যাগত সমতা অর্জন, কারিগরি শিক্ষার আধুনিকায়নসহ শিক্ষাখাতের ব্যাপক সাফল্যে বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের শিক্ষাখাতের এ অগ্রগতি অব্যাহত রাখতে তাঁর দেশের সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষক প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষায় সহযোগিতার বিষয় নিয়েও শিক্ষামন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. অরুনা বিশ্বাস, মো. হেলাল উদ্দিন ও চৌধুরী মুফাদ আহমেদ এবং ঢাকায় আমেরিকান সেন্টারের পরিচালক অ্যান ব্যারোস ম্যাক্কনেল সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
এম আর





