আজ থেকে শুরু হয়েছে শিক্ষক নিবন্ধন আবেদন প্রক্রিয়া। সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আবেদনের যোগ্যতা: শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে সমগ্র শিক্ষাজীবনে যেকোনো একটি তৃতীয় বিভাগ বা সমমান জিপিএর ফলাফল গ্রহণযোগ্য হবে। সদ্য উত্তীর্ণ প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র, টেবুলেশন শিট বা নম্বরপত্র ও প্রবেশপত্র মৌখিক পরীক্ষায় প্রদর্শনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিন্তু পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবে না।
আবেদনের সময়সীমা : অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ৬ মার্চ বেলা ৩টা থেকে। আবেদন করা যাবে আগামী ৩ এপ্রিল সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া: শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আবেদন করতে হবে অনলাইনে। <http://ntrca.teletalk.com.bd> এই ওয়েবসাইটের মাধ্যমে যথাযথভাবে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s কপি পাবে। এই Applicant’s কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ৩৫০ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জমা দেওয়ার পর প্রার্থীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড ফিরতি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থী তার প্রিলিমিনারি টেস্টের প্রবেশপত্র যথাসময়ে <http://ntrca.teletalk.com.bd> এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের এসএমএসের মাধ্যমে হার্ড কপি প্রেরণের তারিখ ও সময় অবহিত করা হবে। এসএমএসে প্রাপ্ত নির্দেশনা মোতাবেক উত্তীর্ণ প্রার্থীরা অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখিত কাগজপত্র ঢাকা জিপিও বক্স নম্বর-১০৩, ঢাকা-১০০০ ঠিকানায় পৌঁছাতে হবে।
বিস্তারিত : http://ntrca.teletalk.com.bd/home.php এই ঠিকানায় বিজ্ঞপ্তিতে।
এমআইএস।





