সাভারে শ্রমিক নির্যাতন ও মজুরি বৃদ্ধির দাবিতে দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতী পালন করেছে। এসময় প্রায় আধাঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে তারা।

মঙ্গলবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকার ফ্যাশন নিট লিমিটেড ও ধামরাইয়ের আকিজ গ্রুপের আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামক কারখানায় এ অসন্তোষের ঘটনা ঘটে। এতে আকিজ গ্রুপের শ্রমিকরা প্রায় আধাঘন্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।

পরে দুপুর দেড়টার দিকে মালিক পক্ষের আশ্বাসের পর তারা আবার কাজে ফিরে যায়।

শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, ফ্যাশন নিট লিমিটেড নামক কারখানার হাসান ইসলাম নামের এক অপারেটরকে ওই কারখানার প্রোডাকশন ম্যানেজার আজহারুল ইসলাম গত রোববার লাঞ্ছিত ও শারীরিক নির্যাতন করেন। এর প্রতিবাদে কারখানার শ্রমিকরা মঙ্গলবার সকালে কারখানায় প্রবেশের পর থেকেই কাজ বন্ধ রেখে প্রোডাকশন ম্যানেজারকে অপসারণের দাবিতে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেও ব্যার্থ হয়। এক পর্যায়ে দুপুর দেড় টার দিকে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমঝোতার হলে শ্রমিকরা কাজে যোগ দেয়।

এদিকে আকিজ গ্রুপের আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কারখানার শ্রমিকরা বেশ কয়েকদিন যাবত কর্তৃপক্ষের কাছে মজুরি বৃদ্ধি দাবি জানিয়ে আসছিল।

মঙ্গলবার সকালে আবারও তারা মজুরি বৃদ্ধির কথা বললে কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে বেলা ১১টার দিকে কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় আধাঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের মজুরি বৃদ্ধির আশ্বাস দেয়। পরে তারা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে শিল্প পুলিশের উপ পরিচালক শহিদ উল্লাহ  বলেন, কারখানা দুটির শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের সমঝোতা হয়েছে। এছাড়া যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

জেআই